মূল খবরে যান

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
যুবদল নেতা শাকের হত্যা: সংগঠনের আরেক নেতাসহ গ্রেফতার ২দুর্গাপূজার মণ্ডপে যাওয়া নিয়ে সমালোচনা, ফেসবুকে রুমিন ফারহানার জবাবঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘চাম্পি’!তেহরানে ‘কারাবন্দি ট্রাম্প’, শিল্পকর্মে লেখা—‘এই দৃশ্য না দেখা অপরাধ’দুর্গোৎসবে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে নিরাপত্তা, প্রযুক্তির ব্যবহার আনসার-ভিডিপিরফেসবুক স্টোরিতে ‘আগ্নেয়াস্ত্র’ প্রদর্শনের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে, সাঁথিয়ায় তোলপাড়পাঁচ বছরেও হয়নি পাকা সেতু, ঝুঁকিপূর্ণ কাঠের পুলে পারাপার হাজারো মানুষেরখেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে স্কুল পর্যায়ে ক্রীড়া শিক্ষা চালু: প্রধানমন্ত্রী
জাতীয়

দুর্গোৎসবে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে নিরাপত্তা, প্রযুক্তির ব্যবহার আনসার-ভিডিপির

দুর্গোৎসবে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে নিরাপত্তা, প্রযুক্তির ব্যবহার আনসার-ভিডিপির
শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে সারা দেশে ৩৩ হাজার ১৬৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় ২ লাখ ১২ হাজার ৮১৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রযুক্তিনির্ভর নজরদারি, ডিজিটাল রিপোর্টিং ও সমন্বিত নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছে বাহিনীটি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গোৎসব ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, দর্শনার্থীদের নিরাপদ চলাচল এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশ, স্থানীয় প্রশাসন ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে ১০৪টি স্ট্রাইকিং ফোর্স টিমে ৬২৪ জন সদস্যকে প্রস্তুত রাখা হয়েছিল।

১৫ অক্টোবর থেকে শুরু হওয়া নিরাপত্তা কার্যক্রম ২২ অক্টোবর পর্যন্ত অব্যাহত ছিল। পূজামণ্ডপের পাশাপাশি জনসমাগমপূর্ণ স্থান এবং নারী-পুরুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।

১৩১ ঘটনায় প্রতিরোধমূলক ও তাৎক্ষণিক পদক্ষেপ

বাহিনীর সদর দপ্তরের তথ্য অনুযায়ী, দুর্গাপূজাকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে মোট ১৩১টি ঘটনায় বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ও তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর মধ্যে প্রতিমা ভাঙার চেষ্টা ও ভাঙচুর প্রতিরোধে ২০টি, বিবাদমান সমস্যা সমাধানে ৩৬টি, অগ্নিসংযোগ প্রতিরোধে দুটি এবং মাদকসংক্রান্ত ১৩টি ঘটনার তথ্য রয়েছে। এ ছাড়া ২৪টি পৃথক ঘটনায় ৪৯ জনকে আটক, ১৫টি শিশুকে উদ্ধার এবং চুরির অপরাধে ছয়জনকে আটক করা হয়। আরও ১৫টি ঘটনায় মূল্যবান সামগ্রী উদ্ধার এবং বিবিধ সমস্যা-সংক্রান্ত নয়টি ঘটনার তথ্য নথিভুক্ত করা হয়েছে।

তবে দায়িত্ব পালনকালে চারজন আনসার-ভিডিপি সদস্যের মৃত্যু হয়েছে এবং ১৭ জন সদস্য আহত ও অসুস্থ হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নজরদারিতে ডিজিটাল প্রযুক্তি

দুর্গোৎসবের নিরাপত্তা কার্যক্রমে প্রযুক্তির ব্যবহারকে বিশেষ গুরুত্ব দিয়েছে আনসার-ভিডিপি। সদস্য নির্বাচন, মোতায়েন ও মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণে এভিএমআইএস ও এসটিডিএমএস সফটওয়্যার এবং ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’-এ ৬৬ হাজার ৩৩০ জন নারী আনসার-ভিডিপি সদস্য এন্ড ইউজার হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বপ্রাপ্ত পূজামণ্ডপে কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটলে তাঁরা অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য পাঠান। এর মাধ্যমে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হয়।

বাহিনীর দাবি, প্রযুক্তিনির্ভর নজরদারি, পরিকল্পিত জনবল মোতায়েন এবং মাঠপর্যায়ে দ্রুত সাড়া দেওয়ার সমন্বয়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

জনসম্পৃক্ততা ও সমন্বয়ের ওপর গুরুত্ব

বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটি, সাধারণ মানুষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেন।

২০ অক্টোবর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, ‘ক্ষমতাকেন্দ্রিক মানসিকতার পরিবর্তে জনসেবা, জবাবদিহি ও জনসম্পৃক্ততাকে প্রাধান্য দিয়ে সম্মিলিতভাবে দেশের জন্য কাজ করার এই সংস্কৃতি আরো সুদৃঢ় করতে হবে।’

দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী আনসার ও ভিডিপি সদস্যদের আত্মত্যাগের কথাও স্মরণ করেন তিনি।

ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থাপনায় অভিজ্ঞতা

বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গোৎসবের নিরাপত্তা কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার, সুশৃঙ্খল জনবল মোতায়েন এবং বিভিন্ন সংস্থার সমন্বয় ভবিষ্যতে বৃহৎ জনসমাগমপূর্ণ অনুষ্ঠান ও আসন্ন নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থাপনায় কাজে লাগতে পারে।

বাহিনীটির মতে, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক সহায়তা, শিশু উদ্ধার, অপরাধ প্রতিরোধ ও জনসম্পৃক্ততার মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।