দেশে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৬ জন রোগী।
সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া চলতি বছর এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩৩ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৩৫ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩ জন এবং ময়মনসিংহে, বরিশালে ও খুলনায় ১ জন করে মারা গেছেন। একই সময়ে নতুন করে ৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর ফলে চলতি বছর মোট হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৪৭৮ জনে।
এছাড়া নতুন করে ১ হাজার ৩৮৮ জনের শরীরে হামের সন্দেহজনক উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা পৌঁছেছে ২ লাখ ২২ হাজার ৫৫২ জনে। বিশেষজ্ঞরা শিশুদের সুরক্ষায় দ্রুত হামের টিকা নিশ্চিত করা এবং যেকোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন।




