ইউরোপীয় ফুটবলে এখন সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা নাম নিকোলা ত্রেসোল্ডি। ক্লাব ব্রুগার এই তরুণ স্ট্রাইকারকে ধরে রাখা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বেলজিয়ামের ক্লাবটির। আর্সেনাল, চেলসি ও ম্যানচেস্টার সিটির মতো জায়ান্ট ক্লাবগুলো তাঁর ওপর নজর রাখলেও, তাঁর সাম্প্রতিক অবিশ্বাস্য গোলবন্যা দেখে মনে হচ্ছে আসছে জানুয়ারি দলবদলেই তাঁকে দলে টানতে কাড়াকাড়ি শুরু হয়ে যাবে।
গত চার সপ্তাহে ৬টি ম্যাচ খেলে অবিশ্বাস্যভাবে ৩টি হ্যাটট্রিক করেছেন ত্রেসোল্ডি। এই তিন হ্যাটট্রিক এসেছে ভিন্ন তিনটি প্রতিযোগিতায় এবং দুটি ভিন্ন দলের হয়ে। গত ৩০ সেপ্টেম্বর জার্মানির অনূর্ধ্ব-২১ দলের হয়ে মাল্টার বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি। এরপর ১৩ অক্টোবর উয়েফা চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের মাঠে করেন আরেকটি হ্যাটট্রিক। আর সবশেষ শনিবার বেলজিয়ান প্রো লিগে সিন্ট-ট্রুইডেন্সের বিপক্ষে উপহার দেন নিজের তৃতীয় হ্যাটট্রিকটি। মাত্র ২৬ দিনের ব্যবধানে তিন হ্যাটট্রিকের এমন কীর্তি ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।
জাতীয় দল নিয়ে টানাপোড়েন: ইতালি নাকি জার্মানি?
ক্লাবের দলবদল নিয়ে জল্পনার পাশাপাশি ত্রেসোল্ডির জাতীয় দল নির্বাচন নিয়েও চলছে তুমুল আলোচনা। ২০০৪ সালে ইতালির সার্দিনিয়া দ্বীপের কালিয়ারিতে জন্ম নেওয়া ত্রেসোল্ডির বাবা ইমানুয়েল ত্রেসোল্ডি ছিলেন ফুটবলার এবং মা বারবারা কাফি আর্জেন্টাইন বংশোদ্ভূত। ফলে ইতালি, জার্মানি কিংবা আর্জেন্টিনা—তিন দেশের হয়েই খেলার সুযোগ রয়েছে তাঁর।
২০১৭ সালে পরিবারের সঙ্গে জার্মানিতে চলে যাওয়ার পর হ্যানোভার ৯৬-এর যুব একাডেমিতে শুরু হয় তাঁর ফুটবল অধ্যায়। বর্তমানে জার্মানির অনূর্ধ্ব-২১ দলে খেললেও, জার্মান কোচদের পাশাপাশি ইতালির ফুটবল কর্তারাও তাঁকে পাওয়ার জন্য যোগাযোগ করছেন। ইতালিয়ান সংবাদমাধ্যম ‘গাজেত্তা দেলো স্পোর্ত’ জানিয়েছে, ইতালি ও জার্মানির কোচদের সঙ্গে কথা বলেছেন ত্রেসোল্ডি। তবে দুই দেশই তাঁর কাছে সমান গুরুত্বপূর্ণ হওয়ায় এবং কার পরিকল্পনায়ে তাঁর ভবিষ্যৎ কেমন হবে তা ভেবে দেখার জন্য এই মুহূর্তে তাঁর সিদ্ধান্ত পুরোপুরি ‘৫০-৫০’।
গোলপোস্টে বল পাঠানোর ক্ষেত্রে ত্রেসোল্ডির সিদ্ধান্ত নিতে এক সেকেন্ডও দেরি না হলেও, তাঁর ক্যারিয়ারের পরবর্তী ঠিকানা ও জাতীয় দল হিসেবে কাকে বেছে নেবেন—সেই সিদ্ধান্ত নেওয়ার সময় হয়তো খুব দ্রুতই ফুরিয়ে আসছে।




