যুক্তরাষ্ট্রের ভিসা এবং গ্রিন কার্ডের আবেদন জমা দেওয়ার সময়সীমা গণনার নিয়মে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। গত ২৩ অক্টোবর থেকে নতুন এই নিয়ম কার্যকর করেছে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (USCIS)। এর ফলে আবেদনের শেষ দিন ছুটির দিনে পড়লেও সব ক্ষেত্রে আর অতিরিক্ত সময় পাওয়ার সুযোগ থাকছে না।
যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রত্যাশীদের জন্য সময়সীমা সংক্রান্ত নিয়মে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত নীতিগত নির্দেশনায় সাধারণ দাপ্তরিক সময়সীমা এবং অভিবাসন সুবিধা পাওয়ার যোগ্যতা অর্জনের শেষ তারিখের মধ্যকার পার্থক্য স্পষ্ট করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, আবেদনের শেষ দিন সাপ্তাহিক বা সরকারি ছুটির দিনে পড়লে তা সব ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী কর্মদিবসে গড়াবে না।
যেসব ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন
১. অনলাইন বনাম কাগজভিত্তিক আবেদন: কাগজের মাধ্যমে করা কিছু আবেদনের ক্ষেত্রে শেষ দিন ছুটির দিন হলে পরবর্তী কার্যদিবসে জমা দেওয়ার সুযোগ মিলতে পারে। তবে অনলাইনে ছুটির দিনসহ যেকোনো সময়েই আবেদন জমা দেওয়া যায় বিধায়, অনলাইন জমা দেওয়ার ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয়। এ ক্ষেত্রে আবেদনকারীদের স্ব স্ব ফর্মের সুনির্দিষ্ট নির্দেশনা মেনে চলতে হবে।
২. বয়সসীমার কড়াকড়ি: নতুন নিয়মে বয়সভিত্তিক যোগ্যতার ক্ষেত্রে সর্বোচ্চ কড়াকড়ি আরোপ করা হয়েছে। পরিবারভিত্তিক অভিবাসন এবং বিশেষ অপ্রাপ্তবয়স্ক ক্যাটাগরির ক্ষেত্রে সন্তানদের বয়স ২১ বছর পূর্ণ হওয়ার আগেই আবেদন সম্পন্ন করতে হয়। এই ধরনের আবেদনের শেষ দিন কোনো ছুটির দিনে পড়লে অতিরিক্ত কোনো দিন স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হবে না। ফলে নির্দিষ্ট বয়সসীমা পার হয়ে গেলে চিরতরে অভিবাসন সুবিধার যোগ্যতা হারাতে হতে পারে।
৩. এইচ-১বি ভিসা ও আই-৯৪ মেয়াদ: যুক্তরাষ্ট্রে কর্মরত এইচ-১বি ভিসাধারী ও তাদের নিয়োগকর্তাদের আই-৯৪ (I-94) নথিতে উল্লেখিত অনুমোদিত মেয়াদের প্রতি বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অবস্থানের অনুমোদিত মেয়াদ শেষের তারিখটি ছুটির দিনে পড়লেও তা স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী কর্মদিবসে বাড়বে না। তাই সময়মতো নবায়নের কাজ শেষ না করলে আইনি জটিলতায় পড়তে হতে পারে।
আবেদনকারীদের জন্য পরামর্শ
অভিবাসন বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিস্থিতিতে আবেদন করার আগে ছুটির দিনের বাড়তি সময়ের ওপর ভুল ভরসা করা যাবে না। আবেদনের শেষ সময়টি সাধারণ দাপ্তরিক নাকি যোগ্যতা নির্ধারণের চূড়ান্ত সময়—তা আগে থেকেই যাচাই করতে হবে। পাশাপাশি বয়সসীমা ও যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থানের মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়েছে।




