বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমানে এই সংখ্যা ১৫ লাখ অতিক্রম করেছে। দীর্ঘদিন ধরে এই বিপুলসংখ্যক শরণার্থীকে মানবিক সহায়তা প্রদান করতে গিয়ে দেশের সার্বিক অর্থনীতিতে প্রচণ্ড চাপ তৈরি হচ্ছে। বুধবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারির সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকে রোহিঙ্গা সংকটের স্থায়ী ও টেকসই সমাধানের জন্য তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা-সংক্রান্ত মামলার রায় ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। জবাবে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারি বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে বলেন, রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নেওয়া এবং মিয়ানমারে তাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায় কাজ করে যাচ্ছে। এছাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় মাদক, অস্ত্র পাচার ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইইউ’র সমন্বিত উদ্যোগে কূটনৈতিক চাপ প্রয়োগের বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।




