তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) পূর্ণাঙ্গ অধিবেশনে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের দ্বিতীয় দিন সকালে তিনি সম্মেলনস্থলে পৌঁছালে ওআইসি মহাসচিব, মলদোভার প্রধানমন্ত্রী এবং পাকিস্তান, সিরিয়া ও ইরানের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এর আগে বুধবার (১১ নভেম্বর) দিনভর সম্মেলনের উদ্বোধনী ও পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতে মিলিত হন প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও ব্রাজিল, মালদ্বীপ, সোমালিয়ার প্রেসিডেন্ট, কুয়েতের প্রধানমন্ত্রী এবং লন্ডনের মেয়রের সঙ্গে আন্তরিক পরিবেশে সাক্ষাৎ হয়েছে তারেক রহমানের।
বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় গুরুত্ব পায়। ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী, অন্যদিকে মালদ্বীপের প্রেসিডেন্টও শিগগিরই বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। সিরিয়ার পুনর্গঠন ও দক্ষ জনশক্তি রপ্তানি, কুয়েতের সঙ্গে বিনিয়োগ বৃদ্ধি এবং ওআইসি মহাসচিবের সঙ্গে আলোচনায় ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি বাংলাদেশের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা অত্যন্ত ইতিবাচক ও 'রূপান্তরমূলক' হিসেবে মূল্যায়ন করছেন।




