নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আঙুলের ছাপের মান কমে যাওয়া, অন্যের আঙুলের ছাপের সঙ্গে মিলে যাওয়া এবং প্রধানত দ্বৈত ভোটার হওয়ার কারণে প্রায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক হয়ে রয়েছে। এছাড়া আদালতের আদেশ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান মামলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধেও কিছু এনআইডি লক করা হয়েছে।
দ্বৈত ভোটারের ক্ষেত্রে যাচাই-বাছাই সাপেক্ষে প্রথমবার ইস্যু করা এনআইডি বহাল রেখে পরবর্তী সময়ে নেওয়া পরিচয়পত্রগুলো বাতিল করা হচ্ছে। তবে লক হওয়া এসব এনআইডি কবে নাগাদ সম্পূর্ণ সচল হবে, তা নিশ্চিত করে বলতে পারছে না ইসি।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানান, এই সমস্যা স্থায়ীভাবে নিরসনে নতুন সফটওয়্যার তৈরির কাজ চলছে। সফটওয়্যারটির কাজ সম্পন্ন হলে খুব দ্রুতই উপজেলা পর্যায় থেকেই এসব সমস্যার সমাধান দেওয়া সম্ভব হবে। বর্তমানে যেসব নাগরিক কমিশনে সরাসরি যোগাযোগ করে বিষয়টি জানাচ্ছেন, তাদের এনআইডিগুলো তাৎক্ষণিকভাবে আনলক করে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।




