জমি কেনার পর কিংবা উত্তরাধিকার সূত্রে পাওয়ার পর বৈধ মালিকানা নিশ্চিত করতে এবং সরকারি রেকর্ড সংশোধন করতে নামজারি বা মিউটেশন করতে হয়। নামজারি না করলে ভবিষ্যতে জমি বিক্রি, খাজনা প্রদান বা আইনি নানা জটিলতায় পড়তে হতে পারে। নিচে নামজারির প্রয়োজনীয় কাগজপত্র, খরচ, সময় এবং অনলাইন আবেদনের পুরো প্রক্রিয়াটি তুলে ধরা হলো:
১. নামজারির জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
জমি অর্জনের মাধ্যম ভেদে প্রয়োজনীয় নথিপত্র কিছুটা ভিন্ন হতে পারে। সাধারণ যেসব কাগজপত্র প্রয়োজন হয়:
-
আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধন বা পাসপোর্টের কপি এবং ছবি।
-
জমির মূল বা সার্টিফায়েড দলিলের কপি।
-
আগের মালিকের খতিয়ান এবং সর্বশেষ জরিপের রেকর্ড।
-
হালনাগাদ ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধের দাখিলা।
-
উত্তরাধিকার সূত্রে পেলে ওয়ারিশ সনদ।
-
আদালতের রায় বা ডিক্রি থাকলে তার কপি এবং প্রয়োজনে ভায়া দলিল।
২. অনলাইনে নামজারির আবেদন করার ধাপসমূহ:
-
প্রথম ধাপ (ওয়েবসাইট প্রবেশ): প্রথমে ভূমি মন্ত্রণালয়ের ই-মিউটেশন পোর্টালে (
[https://mutation.land.gov.bd/](https://mutation.land.gov.bd/)) প্রবেশ করুন। অ্যাকাউন্ট না থাকলে ‘রেজিস্টার’ অপশনে গিয়ে নাম ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন সম্পন্ন করে লগইন করুন। -
দ্বিতীয় ধাপ (আবেদন ও প্রাথমিক ফি): লগইন করার পর মিউটেশন অপশন থেকে নতুন আবেদন নির্বাচন করুন এবং জমির সঠিক অবস্থান (বিভাগ, জেলা, উপজেলা, মৌজা ও জেএল নম্বর) সিলেক্ট করুন। এ পর্যায়ে অনলাইনে কোর্ট ফি বাবদ ২০ টাকা পরিশোধ করতে হবে।
-
তৃতীয় ধাপ (তথ্য ও দলিল আপলোড): খতিয়ানের ধরন, খতিয়ান নম্বর, দাগ নম্বর, জমির পরিমাণ এবং জমি পাওয়ার মাধ্যম (ক্রয়, উত্তরাধিকার, হেবা ইত্যাদি) সঠিকভাবে পূরণ করুন। এরপর স্ক্যান করা প্রয়োজনীয় কাগজপত্র ও দলিলের কপি আপলোড করুন।
-
চতুর্থ ধাপ (চূড়ান্ত আবেদন জমা): আবেদন ফরম পূরণ শেষে নোটিশ জারি ফি বাবদ ৫০ টাকা অনলাইনে পরিশোধ করে আবেদন জমা দিন। আবেদন জমা দেওয়ার পর প্রাপ্ত রসিদ বা নম্বরটি সংরক্ষণ করুন।
৩. পরবর্তী ধাপ ও খতিয়ান সংগ্রহ:
আবেদন জমা দেওয়ার পর সংশ্লিষ্ট ভূমি অফিস তথ্য যাচাই ও তদন্ত করবে। শুনানির তারিখ ও নির্দেশনা মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সহকারী কমিশনার (ভূমি) আবেদন অনুমোদন করলে অনলাইন থেকেই ডিসিআর ও খতিয়ান ফি বাবদ ১ হাজার ১০০ টাকা পরিশোধ করতে হবে। ফি পরিশোধের পরপরই অনলাইন থেকে মূল নামজারি খতিয়ান, ডিসিআর এবং হস্তান্তর বৃত্তান্ত ডাউনলোড করা যাবে।
৪. খরচ ও সময়সীমা:
-
মোট সরকারি খরচ: ১,১৭০ টাকা (কোর্ট ফি ২০ টাকা + নোটিশ জারি ফি ৫০ টাকা + রেকর্ড সংশোধন ও ডিসিআর ফি ১,১০০ টাকা)। এর বাইরে কোনো অতিরিক্ত টাকা দেওয়ার প্রয়োজন নেই। কেউ বাড়তি ফি দাবি করলে ভূমিসেবা হটলাইন ১৬১২২ নম্বরে অভিযোগ জানানো যাবে।
-
সময়সীমা: সাধারণত নিয়ম অনুযায়ী ২৮ দিনের মধ্যে নামজারি আবেদন নিষ্পত্তির কথা রয়েছে। তবে কাগজপত্রে ভুল বা তদন্তের প্রয়োজন হলে কিছুটা বেশি সময় লাগতে পারে। পোর্টালের ‘আবেদন অবস্থা দেখুন’ অপশনে গিয়ে যেকোনো সময় অগ্রগতির খোঁজ নেওয়া যায়।




