২০১০ সাল থেকে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ শুরু হলেও নানা জটিলতায় কখনোই বছরের প্রথম দিনে সব শিক্ষার্থীর হাতে পূর্ণাঙ্গ বইয়ের সেট পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। বিশেষ করে ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষে বই বিতরণে বড় ধরনের বিলম্ব ঘটেছিল। তবে এবার সেই চিরাচরিত বিলম্বের বৃত্ত ভাঙতে চায় সরকার। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এবার নতুন বছর শুরুর আগেই সব বই পৌঁছে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা হবে এবং আগামী ২৪ ডিসেম্বর ‘বই উৎসব’ উদযাপনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সময় চাওয়া হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ১১ নভেম্বর পর্যন্ত হালনাগাদ তথ্যানুযায়ী, প্রাক-প্রাথমিকের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০টি বইয়ের শতভাগ ইতোমধ্যে মাঠে পৌঁছে গেছে। এছাড়া প্রাথমিকের ৯৭.২৮ শতাংশ, ইবতেদায়ির (প্রথম-পঞ্চম) ৯০ শতাংশ এবং মাধ্যমিক স্তরের ৭১ শতাংশ (১২ কোটি ৭৫ লাখ ২৯ হাজার ৪০৫ কপি) বই সরবরাহ সম্পন্ন হয়েছে। মোট কার্যাদেশ দেওয়া ৩০ কোটি ৩০ লাখ বইয়ের মধ্যে বাকি বইগুলো আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যেই সরবরাহ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক আবু নাসের টুকু জানান, আগেভাগে দরপত্র আহ্বান, মূল্যস্ফীতি বিবেচনায় দর বৃদ্ধি এবং নিয়মিত তদারকির ফলে মুদ্রণ কাজে অভাবনীয় গতি এসেছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যেই সব বই ছাপা ও সরবরাহের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মান নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ইন্সপেকশন এজেন্সি ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা এবার নির্ধারিত সময়ের আগেই নির্ভুল ও মানসম্মত পাঠ্যবই হাতে পায়।




