গণমাধ্যমে প্রকাশিত ও নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, লন্ডনে তাঁর সংবর্ধনা অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও অনুষ্ঠান শেষে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের উগ্র কর্মীরা প্রবাসী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে উঠে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নাহিদ ইসলাম তাঁর পোস্টে আরও বলেন, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসকারী শক্তিটি এখন বিদেশের মাটিতেও অস্থিতিশীলতা ও সহিংসতা ছড়াচ্ছে, যা প্রবাসীদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। গণতান্ত্রিক পরিবেশ ব্যবহার করে সহিংসতা চালানোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে তিনি যুক্তরাজ্য সরকারের প্রতি জোরালো অনুরোধ জানান।




