প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র ও আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে এই নোটিশের প্রাপক করা হয়েছে। নোটিশদাতার মতে, দীর্ঘ সময় সরকারপ্রধান থাকার সুবাদে শেখ হাসিনার কাছে দেশের প্রতিরক্ষা ও গোয়েন্দা নেটওয়ার্কের অনেক সংবেদনশীল তথ্য রয়েছে, যা বিদেশে অবস্থানের কারণে ঝুঁকির মুখে পড়তে পারে। কোনো রাজনৈতিক পক্ষপাত ছাড়াই সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
নোটিশে আরও প্রস্তাব করা হয়েছে যে, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে আত্মসমর্পণের পর বিশেষ পুলিশ দলের পাহারায় তাঁকে ঢাকায় এনে হেলিকপ্টারযোগে সরাসরি টুঙ্গিপাড়ার প্রস্তাবিত সাব-জেলে নেওয়া যেতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী আপিল বিভাগের মাধ্যমে তাঁর সংবিধিবদ্ধ আপিলের অধিকার প্রয়োগ এবং তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ অনুসারে ভার্চুয়াল হাজিরার মাধ্যমে অন্যান্য মামলার বিচার নিশ্চিত করার কথা বলা হয়েছে। নির্ধারিত ১৫ দিনের মধ্যে জবাব না পেলে জনস্বার্থে রিট দায়েরের কথা জানানো হয়েছে।




