সংসদীয় কার্যক্রমের সমাপনী ভাষণে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, একটি দেশবিরোধী চক্র বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করতে দেশে গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে। এই অপতৎপরতা রুখতে তিনি সব সংসদ সদস্যকে দল-মত নির্বিশেষে একযোগে কাজ করার ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় অধিবেশনে সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার বক্তব্য দেশবাসীকে অনুপ্রাণিত করেছে বলেও মন্তব্য করেন স্পিকার। চতুর্থ অধিবেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা ও আইন প্রণয়ন প্রক্রিয়ায় সংসদ সদস্যদের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি রাষ্ট্রপতির আদেশ পাঠের মাধ্যমে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।




