অন্যান্য

ওসমান হাদির চিকিৎসায় প্রার্থনা কামনা, হাসপাতালে ভিড় না করার অনুরোধ বোর্ডের

ওসমান হাদির চিকিৎসায় প্রার্থনা কামনা, হাসপাতালে ভিড় না করার অনুরোধ বোর্ডের

মাথায় গুলিবিদ্ধ হয়ে জীবন সংকটে থাকা ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির চিকিৎসা প্রদানকারী বিশেষ মেডিকেল বোর্ড তার শারীরিক উন্নতির জন্য দেশবাসীর কাছে বিনীতভাবে দোয়া কামনা করেছে। একই সঙ্গে, বোর্ডের পক্ষ থেকে জনগণের কাছে তার চিকিৎসা সংক্রান্ত কোনো ধরনের ভুল তথ্য বা অনুমান প্রচার না করার এবং রোগীর ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

এভারকেয়ার হাসপাতালের আইসিইউ অ্যান্ড এইচডিইউ বিভাগের কো-অর্ডিনেটর ডা. মো. জাফর ইকবাল স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ওসমান হাদির সার্বিক পরিস্থিতি এখনও অত্যন্ত আশঙ্কাজনক। তার ব্রেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফুসফুসে ইনজুরিসহ রক্তচাপ ও হার্ট রেটে অসামঞ্জস্যতা দেখা যাচ্ছে, যা অত্যন্ত নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিশেষজ্ঞ ১৫ জন চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সর্বোচ্চ পেশাদারি ও আন্তরিকতার সঙ্গে চিকিৎসা চালিয়ে যাচ্ছে।

বিবৃতির মাধ্যমে বোর্ড দুইটি গুরুত্বপূর্ণ অনুরোধ জানিয়েছে: প্রথমত, তার ভাই ও আপনজনদের মাধ্যমে দেশবাসীকে তার জন্য দোয়া করার অনুরোধ জানানো হচ্ছে। দ্বিতীয়ত, যেহেতু তার অবস্থা অত্যন্ত গুরুতর, তাই অযথা কেউ হাসপাতালে ভিড় করবেন না। রোগীর ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে কোনো ভিজিটরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ এবং বোর্ড রোগীর গোপনীয়তা ও মর্যাদার প্রতি সম্মান জানাতে সবার সহযোগিতা চেয়েছে।

মেডিকেল টিম জোর দিয়ে বলেছে, ‘আমরা আপনাদের কাছে অনুরোধ করছি কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখুন।’ বর্তমানে ব্রেন প্রোটেকশন প্রোটোকল কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে এবং ভেন্টিলেটর সাপোর্টসহ রক্ত সংবহন সংক্রান্ত সমস্যাগুলো নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থার উন্নতির জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।