বিশ্ব

হরমুজ প্রণালিতে উত্তেজনা: লাফিয়ে বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালিতে উত্তেজনা:  লাফিয়ে বাড়ল তেলের দাম

অনলাইন ডেস্ক:

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা তীব্র আকার নেওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও লাফিয়ে বেড়েছে। দুই দেশের পাল্টাপাল্টি বাণিজ্যিক জাহাজ জব্দের ঘটনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ব্রেন্ট ক্রুড শুক্রবার ভোরে ব্যারেলপ্রতি ১০৬ ডলার ছাড়িয়ে যায়, যা বুধবারের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি। এর আগে দুই সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো ১০০ ডলার অতিক্রম করেছিল এই সূচক।

বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। কিন্তু বর্তমানে সেখানে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। ইরান দাবি করছে, কোন জাহাজ চলাচল করবে তা তারা নির্ধারণ করবে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের সামুদ্রিক বাণিজ্যে অবরোধ আরোপ করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, প্রণালিতে মাইন পেতে রাখা ইরানি নৌযান দেখামাত্র ধ্বংস করতে তিনি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন।