অন্যান্য

সাংবাদিক নিহতের ঘটনায় লেবাননকে আইসিসিতে যোগের ডাক দিলো এইচআরডব্লিউ

সাংবাদিক নিহতের ঘটনায় লেবাননকে আইসিসিতে যোগের ডাক দিলো এইচআরডব্লিউ

অনলাইন ডেস্ক

লেবাননকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি)–তে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, এই ঘটনার দুই দিন আগে দক্ষিণ লেবাননের আল-তাইরি গ্রামে ইসরায়েলি বিমান হামলায় লেবাননের সাংবাদিক আমাল খলিল নিহত হন। একই ঘটনায় তার সহকর্মী জয়নাব ফারাজ আহত হন। হামলার জন্য ইসরায়েলি বাহিনীকে দায়ী করা হয়েছে।

লেবাননের প্রধানমন্ত্রী জোসেফ আউন এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি ইসরায়েলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তোলেন।

এক বিবৃতিতে এইচআরডব্লিউ বলেছে, গুরুতর আন্তর্জাতিক অপরাধের বিচার নিশ্চিত করতে লেবানন সরকারের উচিত ‘রোম সংবিধি’ মেনে আইসিসিতে যোগ দান করা।


এর আগে ২০২৪ সালের এপ্রিলে লেবানন আইসিসির তদন্ত ক্ষমতা স্বীকার করার বিষয়ে এগিয়েছিল।

তবে পরে সেই সিদ্ধান্ত থেকে তারা সরে আসে। ফলে এখন দেশটিতে সংঘটিত অপরাধ নিয়ে আইসিসির আনুষ্ঠানিক বিচারিক ক্ষমতা নেই।

চলতি বছরে লেবাননে নিহত সাংবাদিকদের মধ্যে আমাল খলিল নবম।

উল্লেখ্য, রোম সংবিধি হলো ১৯৯৮ সালের ১৭ জুলাই ইতালির রোমে গৃহীত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রতিষ্ঠার মূল চুক্তি, যা  ২০০২ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়।

এটি গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং আগ্রাসনের মত বিশ্বের সবচেয়ে গুরুতর অপরাধের বিচার করে।