দিনাজপুরের ফুলবাড়ীতে এক সপ্তাহের ব্যবধানে বেগুনের দাম বেড়েছে প্রতি কেজিতে ২০ টাকা। এক সপ্তাহ আগে যে বেগুন হাটবাজারে বিক্রি হয়েছে প্রতিকেজি ৬০ টাকা, সেই একই বেগুন এখন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে।
কৃষ্ণপুরের বেগুন চাষি আজিজার রহমান বলেন, ২৫ শতক জমিতে বেগুন চাষ করেছেন। প্রথম দিকে বেগুনের দাম কম থাকলেও গত একমাস থেকে বেগুনের দাম বাড়তির দিকে। এতে করে বেগুন চাষিরা আশানুরূপ লাভের মুখ দেখছেন। বেগুনের দাম এই পর্যায়ে থাকলে এলাকার অন্য চাষিরাও বেগুন চাষে আগামীতে আগ্রহী হবে।
এনজিও কর্মকর্তা রাকিব হাসান বলেন, বাজার করতে এসে মাথা ঠিক থাকছে না। কোন পণ্যের দাম কখন কি পরিমাণে বাড়বে তা বলা মুশকিল। গত সপ্তাহে যে বেগুন ৬০ টাকা কেজিতে পাওয়া গেল, এখন সেই বেগুন কিনতে হচ্ছে ৮০ টাকা কেজিতে। এক সপ্তাহের মধ্যেই বেগুনের দাম বেড়ে গেছে ২০ টাকা।
পৌর সবজি বাজারের খুচরা বিক্রেতা হারুন উর রশীদ ও শ্যামল চন্দ্র বগা বলেন, পাইকারী বাজার থেকেই বেশি দামে বেগুন কিনতে হচ্ছে বলেই খুচরা বাজারেও দামে বিক্রি করতে হচ্ছে। পাইকারী বাজারে দাম কমলে খুচরা বাজারেও দাম কমে আসবে।
সবজি আড়ৎদার অজয় দত্ত বলেন, পাইকারী বাজারে বেগুনের সরবরাহ কম এবং মোকামে বেগুনের দাম বেড়ে যাওয়ায় পাইকারী ও খুচরা বাজারেও দাম বেড়েছে। সরবরাহ বাড়লে এবং মোকামে দাম কমে আসলে স্থানীয় বাজারেও দাম কমে যাবে।
নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। অযৌক্তিকভাবে কেউ কোনো পণ্যের দাম বাড়িয়ে বেচাবিক্রি করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে উপজেলা প্রশাসন সব সময় সজাগ রয়েছে।