অন্যান্য

অন্তত ৫০ শতাংশ ক্ষেত্রে মালিকের পরিবর্তে মামলা হবে সরাসরি চালকের বিরুদ্ধে

অন্তত ৫০ শতাংশ ক্ষেত্রে মালিকের পরিবর্তে মামলা হবে সরাসরি চালকের বিরুদ্ধে

ট্রাফিক আইন লঙ্ঘন

অন্তত ৫০ শতাংশ ক্ষেত্রে মালিকের পরিবর্তে মামলা হবে সরাসরি চালকের বিরুদ্ধে

প্রভাতী খবর রিপোর্ট:

এখন থেকে সড়ক আইন লঙ্ঘনের ঘটনায় অন্তত ৫০ শতাংশ ক্ষেত্রে গাড়ির মালিকের পরিবর্তে সরাসরি চালকের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান।

মঙ্গলবার (২ জুন) ডিএমপির এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, অনেক ক্ষেত্রে গাড়ির মালিকের নামে মামলা হলেও প্রকৃতপক্ষে আইন ভঙ্গ করেন চালক। তাই চালকদের জবাবদিহির আওতায় আনতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, চালকের বিরুদ্ধে মামলা হলে তাকে জরিমানা পরিশোধ করতে হবে এবং একই সঙ্গে ডিমেরিট পয়েন্ট পদ্ধতিতে তার ড্রাইভিং লাইসেন্স থেকে নির্দিষ্ট পয়েন্ট কেটে নেওয়া হবে। এর ফলে ভবিষ্যতে কোনো চালক নিয়োগের আগে তার লাইসেন্সের রেকর্ড ও পয়েন্ট পরিস্থিতি যাচাই করতে পারবেন গাড়ির মালিকরা।

ভুয়া মামলার আশঙ্কা প্রসঙ্গে মো. আনিসুর রহমান বলেন, পুলিশের পক্ষ থেকে কখনও কোনো পাসওয়ার্ড, ওটিপি বা গোপন কোড চাওয়া হবে না। ট্রাফিক সংক্রান্ত যে কোনো নোটিশ বা মামলার কপিতে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের স্বাক্ষর থাকবে। পাশাপাশি ট্রাফিক টেকনিক্যাল ইউনিটের কর্মকর্তাদের স্বাক্ষরও সংযুক্ত থাকবে।

এদিকে খুব শিগগিরই যানবাহনের নম্বরপ্লেটের মান ও দৃশ্যমানতা যাচাইয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি। অভিযানে নম্বরপ্লেট সঠিকভাবে স্থাপন করা হয়েছে কি না এবং তা স্পষ্টভাবে পড়া যায় কি না, সে বিষয়গুলো খতিয়ে দেখা হবে।