বিশ্ব

১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন কারাদণ্ড

১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন কারাদণ্ড

১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন কারাদণ্ড

 অনলাইন ডেস্ক:

জার্মানিতে ১৫ জন রোগীকে হত্যার দায়ে এক প্যালিয়েটিভ কেয়ার চিকিৎসককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তবে তদন্তকারীদের ধারণা, এটি কেবল শুরু; চিকিৎসকের বিরুদ্ধে আরও অন্তত ৭৬টি সন্দেহজনক মৃত্যুর ঘটনা তদন্তাধীন রয়েছে।

বুধবার বার্লিনের একটি আদালত ৪১ বছর বয়সী ওই চিকিৎসককে দোষী সাব্যস্ত করেন। জার্মানির গোপনীয়তা আইন অনুযায়ী, তার পূর্ণ নাম প্রকাশ করা হয়নি। আদালতের নথিতে তাকে জোহানেস এম নামে উল্লেখ করা হয়েছে।

আদালতের রায়ে বলা হয়, তিনি ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের জুলাইয়ের মধ্যে ১২ জন নারী ও তিনজন পুরুষ রোগীকে পরিকল্পিতভাবে হত্যা করেন।

আদালতে উপস্থাপিত তথ্যানুযায়ী, নিহতদের বয়স ছিল ২৫ থেকে ৯৪ বছরের মধ্যে। তারা সবাই গুরুতর অসুস্থ ছিলেন, তবে কারও মৃত্যুই আসন্ন ছিল না।

প্রসিকিউটররা জানান, বাড়িতে চিকিৎসাসেবা দিতে গিয়ে ওই চিকিৎসক রোগীদের সম্মতি ছাড়াই বিভিন্ন ওষুধের প্রাণঘাতী মিশ্রণ প্রয়োগ করতেন, যার ফলে তাদের মৃত্যু ঘটত।

তদন্তে আরও উঠে এসেছে, হত্যার আলামত নষ্ট করতে তিনি একাধিকবার ঘটনাস্থলে আগুন লাগানোরও চেষ্টা করেছিলেন।

একদিনেই দুই রোগীকে হত্যা
প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে গ্রেফতারের ঠিক আগে একদিনেই দুই রোগীকে হত্যা করেন ওই চিকিৎসক।

প্রথমে বার্লিনের কেন্দ্রস্থলে নিজ বাড়িতে থাকা ৭৫ বছর বয়সী এক পুরুষ রোগীকে হত্যা করা হয়। কয়েক ঘণ্টা পর পাশের একটি জেলায় ৭৬ বছর বয়সী এক নারী রোগীকেও একইভাবে হত্যা করা হয়।

পরে ওই নারীর বাড়িতে আগুন লাগিয়ে হত্যার প্রমাণ নষ্ট করার চেষ্টা করা হলেও সেটি সফল হয়নি।

আদালতে হত্যার কথা স্বীকার
প্রায় এক বছর ধরে চলা বিচারকাজের বেশির ভাগ সময়ই নীরব ছিলেন অভিযুক্ত চিকিৎসক। তবে গত মাসে আদালতে তিনি ১২ জন গুরুতর অসুস্থ রোগীকে হত্যার কথা স্বীকার করেন।

তিনি দাবি করেন, রোগীদের দীর্ঘ যন্ত্রণা ও শারীরিক কষ্ট থেকে মুক্তি দিতেই তিনি এমন কাজ করেছেন।

আদালতে তিনি বলেন, “আমি নিজেকে বোঝাতে পেরেছিলাম যে, আমি সঠিক কাজ করছি। তাদের কষ্ট ও অসহায় জীবন থেকে মুক্তি দিচ্ছি।”

তিনি আরও বলেন, “তখন আমার মনে হতো, সবার জন্য এটিই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।”

একই সঙ্গে তিনি নিহতদের স্বজনদের কাছে নিজের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেন।

আরও ৭৬টি মৃত্যুর তদন্ত
জার্মানির তদন্তকারী সংস্থাগুলো মনে করছে, এই চিকিৎসকের অপরাধের পরিধি আরও অনেক বড় হতে পারে।

বর্তমানে তার বিরুদ্ধে আরও ৭৬টি সন্দেহজনক মৃত্যুর ঘটনা তদন্ত করা হচ্ছে। জার্মান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এসব অভিযোগও প্রমাণিত হলে এটি দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ধারাবাহিক হত্যাকাণ্ডগুলোর (সিরিয়াল কিলিং) একটি হিসেবে বিবেচিত হবে।

অভিযুক্ত চিকিৎসক আদালতকে জানিয়েছেন, ভবিষ্যতে নতুন মামলাগুলোর বিচারপ্রক্রিয়ায় তিনি শুরু থেকেই সহযোগিতা করবেন।