বিশ্ব

কারামুক্তির পর বন্দিদের অধিকার নিয়ে সরব ইতালির কট্টর ডানপন্থী নেতা

কারামুক্তির পর বন্দিদের অধিকার নিয়ে সরব ইতালির কট্টর ডানপন্থী নেতা

কারামুক্তির পর বন্দিদের অধিকার নিয়ে সরব ইতালির কট্টর ডানপন্থী নেতা

অনলাইন ডেস্ক

ইতালির কট্টর ডানপন্থী নেতা ও রোমের সাবেক মেয়র জিয়ান্নি আলেমান্নো কারাগার থেকে মুক্তি পাওয়ার পর এবার বন্দিদের অধিকার এবং কারাগারের মানবিক পরিবেশ নিয়ে প্রকাশ্যে কথা বলতে শুরু করেছেন। দীর্ঘদিন ধরে কঠোর আইন-শৃঙ্খলার পক্ষে অবস্থান নেওয়া এই রাজনীতিকের এমন পরিবর্তিত অবস্থান ইতালির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

৬৮ বছর বয়সী আলেমান্নো গত ২৪ জুন রোমের রেবিব্বিয়া কারাগার থেকে মুক্তি পান। এটি ইতালির সবচেয়ে বড় কারাগারগুলোর একটি। অতিরিক্ত বন্দি ও জরাজীর্ণ পরিবেশের কারণে কারাগারটি দীর্ঘদিন ধরেই সমালোচিত। প্রভাব খাটানো এবং দায়িত্বের অপব্যবহারের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি ১৮ মাস কারাভোগ করেন।

যদিও শুরু থেকেই তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। কারাগারে থাকার অভিজ্ঞতা তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন। তার লেখাগুলো ইতালির কারাগার ব্যবস্থার নানা সমস্যা নিয়ে নতুন করে জনমত তৈরি করেছে। আলেমান্নো রয়টার্সকে বলেন, ‘যারা কারাগারে থেকেছেন বা যাদের পরিবারের কেউ কারাগারে আছেন, শুধু তারাই এই সমস্যাগুলো বুঝতে পারেন।

অন্যরা বিষয়টি বুঝতেই পারেন না।’ তিনি জানান, রেবিব্বিয়া কারাগারে এটিই তার প্রথমবার নয়। ১৯৮২ সালে কট্টর ডানপন্থীদের এক বিক্ষোভে সোভিয়েত দূতাবাসে মলোটভ ককটেল ছোড়ার ঘটনায় তিনি ১০ মাস কারাভোগ করেছিলেন। গত বছরের ৩১ ডিসেম্বর আবার একই কারাগারে গিয়ে কাকতালীয়ভাবে সেই একই সেলে থাকার সুযোগ পান। সেই স্মৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই সেল থেকেই আমি ১৯৮২ সালে ইতালির ফুটবল বিশ্বকাপ জয় দেখেছিলাম।

আলেমান্নো দীর্ঘদিন ধরেই ইতালির ডানপন্থী রাজনীতির পরিচিত মুখ। তিনি রাজনৈতিক জীবন শুরু করেন ফ্যাসিবাদ-পরবর্তী এমএসআই দলের যুব শাখায়। পরে সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির সরকারে কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি রোমের মেয়র ছিলেন। কারাগারে থাকার অভিজ্ঞতার পর আলেমান্নো এখন ইতালির কারাগার ব্যবস্থার নানা সমস্যা তুলে ধরছেন। তার মতে, অতিরিক্ত ভিড়, নোংরা পরিবেশ, বিচার বিভাগে জনবল সংকট, জটিল প্রশাসনিক ব্যবস্থা এবং বন্দিদের জন্য শিক্ষা ও প্রশিক্ষণের অভাব পুরো ব্যবস্থাকে অকার্যকর করে তুলেছে। তিনি বলেন, বর্তমান ব্যবস্থা অপরাধীদের সংশোধনের সুযোগ না দিয়ে বরং তাদের আবার অপরাধের দিকেই ঠেলে দেয়। আলেমান্নোর ভাষায়, যারা খারাপ কাজ করতে চান, তাদের জন্য সব পথ খোলা। তারা যা ইচ্ছা করতে পারেন। কিন্তু যারা নতুনভাবে জীবন শুরু করতে চান, তাদের সামনে অসংখ্য বাধা তৈরি করা হয়। কারাগারে থাকার সময় তিনি হত্যাকাণ্ডে সহযোগিতার অপরাধে সাজাপ্রাপ্ত এক সহবন্দীর সঙ্গে যৌথভাবে ফেসবুকে একটি ডায়েরি লিখতেন। তিনি জানিয়েছেন, সেই লেখাগুলো শিগগিরই বই আকারে প্রকাশ করা হবে।

কারামুক্তির পর আলেমান্নো সাবেক সেনা জেনারেল রোবের্তো ভান্নাচ্চির সঙ্গে রাজনৈতিকভাবে একসঙ্গে কাজ শুরু করেছেন। ভান্নাচ্চি কট্টর ডানপন্থী অবস্থান এবং বিতর্কিত বক্তব্যের জন্য পরিচিত। তার নতুন রাজনৈতিক দল ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করছে। তবে কারাগার নিয়ে ভান্নাচ্চির অবস্থান আলেমান্নোর চেয়ে অনেক কঠোর। আলেমান্নো মুক্তি পাওয়ার দিন তিনি সাংবাদিকদের বলেন, ‘আবেল আর কাইনের মধ্যে আমি আবেলের পক্ষেই আছি। আর কাইনের কারাগারেই পচে থাকা উচিত।’ তিনি আরো বলেন, গুরুতর অপরাধের ক্ষেত্রে কঠোর, দীর্ঘমেয়াদি এবং কড়া শাস্তি নিশ্চিত করা উচিত।

গত জুলাইয়ে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন ডানপন্থী সরকার কারাগারের ধারণক্ষমতা ১৫ হাজার বাড়ানোর প্রতিশ্রুতি দেয়। একই সঙ্গে মাদকাসক্ত বন্দিদের চিকিৎসাকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা সহজ করার পরিকল্পনার কথাও জানানো হয়, যাতে কারাগারের অতিরিক্ত ভিড় কমানো যায়। তবে ঘোষণার পর এখন পর্যন্ত নতুন কোনো কারাগারের জায়গা তৈরি হয়নি। বন্দিদের স্থানান্তর নিয়ে প্রস্তাবিত আইনও এখনো আলোচনা পর্যায়ে রয়েছে। ২০২৭ সালে বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে আইনটি পাস না হলে সেটি বাতিল হয়ে যেতে পারে। বর্তমানে ইতালির কারাগারগুলো ইউরোপের সবচেয়ে বেশি ভিড় থাকা কারাগারগুলোর মধ্যে অন্যতম। ধারণক্ষমতার তুলনায় সেখানে প্রায় ১৪০ শতাংশ বন্দি রয়েছেন। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনমত জরিপে ক্ষমতাসীন জোট ও মধ্য-বাম বিরোধী জোটের সমর্থন প্রায় সমান। এ অবস্থায় আইন-শৃঙ্খলা নিয়ে কড়া অবস্থানের রাজনৈতিক চাপের কারণে সরকার কারাগার সংস্কারে বড় ধরনের ঝুঁকি নিতে চাইবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে আলেমান্নো আশাবাদী। তার বিশ্বাস, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কারাগার সংস্কারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সব দলের একসঙ্গে কাজ করা উচিত। তিনি বলেন, ‘এটি এমন একটি লড়াই, যেখানে বাম ও ডান উভয়পক্ষকেই একসঙ্গে আসতে হবে।’