নিজস্ব প্রতিবেদক:
শিক্ষাবিদ, লেখক ও গবেষক প্রফেসর ড. রামদুলাল রায়ের রোগমুক্তি কামনায় নরসিংদী শহরের ঐতিহ্যবাহী মদন মোহন মন্দিরে গীতা পাঠ, বিশেষ প্রার্থনা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে আয়োজিত এ অনুষ্ঠানে সনাতন ধর্মীয় রীতি অনুসারে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করা হয়। পরে তাঁর দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, প্রফেসর ড. রামদুলাল রায় কয়েক বছর ধরে হৃদ্রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। তাঁর আশু রোগমুক্তি কামনায় এ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে উপস্থিত সবার মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
প্রফেসর ড. রামদুলাল রায় স্নাতক, স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য দর্শন, যুক্তিবিদ্যা ও ইতিহাস বিষয়ে বহু গ্রন্থ রচনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘বাঙালির দর্শন’, ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’, ‘নন্দনতত্ত্ব’, ‘প্রাচীনকাল থেকে সমকাল’, ‘মনোদর্শন’, ‘পাশ্চাত্য দর্শনের ইতিহাস’, ‘প্রাচীন ও মধ্যযুগ’, ‘দর্শনের সমস্যাবলী’ এবং ‘সাধারণ যুক্তিবিদ্যা’। এ ছাড়াও শিক্ষার্থীদের জন্য তিনি আরও বহু গ্রন্থ রচনা করেছেন।
বর্তমানে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনকালে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি বিভিন্ন অডিট ও তদন্ত কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। এর আগে তিনি ঢাকা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ, ফরিদপুর সরকারি বিএড কলেজের অধ্যক্ষ, শিবপুর শহীদ আসাদ সরকারি কলেজের উপাধ্যক্ষ, নরসিংদী সরকারি কলেজের বিভাগীয় প্রধান এবং টাঙ্গাইল কুমুদিনী সরকারি মহিলা কলেজ, করটিয়া সা'দত বিশ্ববিদ্যালয় কলেজ, নাটোর সরকারি কলেজ ও লক্ষ্মীপুর সরকারি কলেজসহ দেশের বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেছেন।
প্রার্থনা অনুষ্ঠানে মন্দির পরিচালনা কমিটির সদস্য, সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে প্রফেসর ড. রামদুলাল রায়ের দ্রুত রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া ও প্রার্থনা কামনা করা হয়।