সারাদেশ

মধুখালীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মধুখালীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মধুখালী প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মধুখালী থানা পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার (২৬ জুলাই) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম আড়পাড়ায় তাদের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক বিক্রির অভিযোগে বাকেল মোল্লা ওরফে বাপ্পি (৩৫) ও তার স্ত্রী নুরজাহান আক্তার উর্মি (২৭)কে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বাকেল মোল্লা ওরফে বাপ্পি পশ্চিম আড়পাড়া গ্রামের তোরাপ মোল্লার ছেলে এবং তার স্ত্রী নুরজাহান আক্তার উর্মি মৃত আব্দুল আজিজ মোল্লার মেয়ে।

মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি এএসআই আশরাফুল আলম, এএসআই প্রমথ শিকদার, এএসআই শিমুল শিকদার, নারী কনস্টেবল রুমা আক্তারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক বিক্রির সময় ওই দম্পতিকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় জানান, বাকেল মোল্লা ওরফে বাপ্পির বিরুদ্ধে মাদক-সংক্রান্ত প্রায় এক ডজন মামলা রয়েছে। গ্রেপ্তার স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে তাদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।