দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (২৭ জুলাই) সকালে বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিরল উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বিরল এডিপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। “সবাই মিলে সচেতন, বন্ধ হবে শিশুশ্রম” এবং “আমার উপজেলা, আমার দায়িত্ব; আমার উপজেলা হবে বাল্যবিবাহমুক্ত” স্লোগানকে সামনে রেখে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সমাজের সব সচেতন মানুষকে ঐক্যবদ্ধভাবে বাল্যবিবাহ, শিশুশ্রম এবং বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। একই সঙ্গে উপস্থিতদের শপথ পাঠ করানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, বিরল থানার অফিসার ইনচার্জ মো. আল এমরান, নর্দান বাংলাদেশ ক্লাস্টারের ডেপুটি ডিরেক্টর (ফিল্ড অপারেশন) রাজু উইলিয়াম রোজারিও, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা, এন্টিরিম এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফিসার এন্টিনা দাস, প্রোগ্রাম অফিসার গোলাম সাকলাইন, প্রদীপ রায়, চাইল্ড প্রটেকশন অফিসার বিপ্লব ক্লেমে মণ্ডলসহ বিভিন্ন ধর্মীয় প্রতিনিধি, শিক্ষক, শিশু ও যুব ফোরামের নেতৃবৃন্দ, ভিডিসি ও সিবিও প্রতিনিধিরা এবং শিশু শ্রম ও বাল্যবিবাহ থেকে ফিরে আসা প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শেষ পর্বে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।