বোরহানউদ্দিন প্রতিনিধি:
ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়েছে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি। এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে দলটি।
রোববার (২ আগস্ট) দুপুর ১২টায় বোরহানউদ্দিন প্রেসক্লাবে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি স্থানীয় সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের পক্ষে বক্তব্য তুলে ধরেন।
মতবিনিময় সভায় সরোয়ার আলম খান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহল ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। তাঁকে চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করে যে প্রচারণা চালানো হচ্ছে, তা জনগণ বুঝতে পারছে। স্থানীয় নির্বাচনকে সামনে রেখে এসব করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
তিনি বলেন, এসব অপপ্রচার জনগণ প্রত্যাখ্যান করবে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে আদালতে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ সময় সরোয়ার আলম খান সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের একটি ভিডিও বার্তা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার উন্নয়নমূলক কাজের জন্য মূলত টোল আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি সরকারি নির্ধারিত প্রক্রিয়ার অংশ।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, অতীতেও তাঁর বিরুদ্ধে গুজব ছড়ানো হয়েছিল, যা সফল হয়নি। বর্তমানে পৌরসভা ও উপজেলা নির্বাচন সামনে রেখে পুনরায় অপপ্রচার চালানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
সরোয়ার আলম খান বলেন, দৌলতখান পৌরসভার সড়কের ওপর থাকা স্ট্যান্ড দিয়ে প্রবেশ করলে টোল দিতে হবে—এ কথাই সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম বলেছেন। কিন্তু একটি মহল এটিকে চাঁদা হিসেবে প্রচার করে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও বলেন, দৌলতখান ও বোরহানউদ্দিনে বালুমহালের ইজারা দেওয়ার বিষয়ে সংসদ সদস্যের কোনো ব্যক্তিগত ভূমিকা নেই। ভূমি মন্ত্রণালয়ের প্রক্রিয়ায় এবং জেলা প্রশাসকের মাধ্যমে উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে এসব ইজারা দেওয়া হয়। অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না বলেও সংসদ সদস্য জানিয়েছেন।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং বা সাইবার অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সেলিম।