শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় তিন দিন ধরে নিখোঁজ রয়েছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শিশু মারুফ আলম (১৩)। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও সন্তানের সন্ধান না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার।
নিখোঁজ মারুফ আলম শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর (কোনারবাড়ি) গ্রামের ব্যবসায়ী আছির আলম ও সামিয়া বেগম দম্পতির ছেলে। সে চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই দুপুর ২টার দিকে মারুফ তার নতুন বাড়ি থেকে পাশের চন্দ্রপুর পুরোনো বাড়ির উঠানে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলতে যায়। খেলাধুলা শেষে গোসল করে নতুন বাড়ির উদ্দেশ্যে রওনা হলেও এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি।
স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে গত ৩১ জুলাই শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৩) করেন।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজের সময় মারুফের গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৪ ফুট ৩ ইঞ্চি। ঘটনার দিন তার পরনে ছিল গোলাপি রঙের শার্ট ও জিন্সের প্যান্ট।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ মারুফ আলমের সন্ধান পেলে তার বাবা আছির আলমের মোবাইল নম্বর ০১৭৮০৭৯৫০৭১ অথবা ভাইয়ের নম্বর ০১৪০৮-০৭৩৫১৬-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।