নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ‘গুম, হত্যাকাণ্ড ও রাজনৈতিক নিপীড়নের’ অভিযোগ নিয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) গভর্নিং বডির কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার কথা জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্ডা ফিলিপ।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ‘রাজনৈতিকভাবে নিপীড়নের শিকার’ কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে আইপিইউ মহাসচিব বাংলাদেশের বিগত সময়ে হত্যা, গুম এবং ভিন্নমতের মানুষের ওপর নিপীড়নের অভিযোগকে অমানবিক ও জঘন্য বলে মন্তব্য করেন।
এ সময় তিনি তার দেশ রোমানিয়ায় নিকোলাই চাউসেস্কুর শাসনামলের দমন-পীড়নের সঙ্গে বাংলাদেশের তৎকালীন সরকারের শাসনামলের কিছু মিল থাকার কথাও উল্লেখ করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সফর শেষে আইপিইউর গভর্নিং বডির কাছে বাংলাদেশে ‘স্বৈরাচারী শাসনামলে গুম, হত্যাকাণ্ড ও রাজনৈতিক নিপীড়নের’ অভিযোগ নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করবেন বলেও জানান অ্যান্ডা ফিলিপ।
সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এতে ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনিও উপস্থিত ছিলেন।
বৈঠকে স্পিকার অভিযোগ করেন, বিগত সরকারের দীর্ঘ শাসনামলে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী ও ভিন্নমতাবলম্বীদের দমনে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং বিভিন্ন ধরনের নিপীড়নের ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, ওই সময়ে বাকস্বাধীনতা সীমিত করা এবং রাজনৈতিক বিরোধীদের দমনে বিভিন্ন আইন ও রাষ্ট্রীয় ব্যবস্থার অপব্যবহারের অভিযোগ রয়েছে।
বৈঠকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি তার ভাই বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের নিখোঁজ হওয়ার ঘটনা তুলে ধরেন।
এ সময় ‘নিপীড়ন থেকে বিপ্লব: রাষ্ট্রের পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘন উন্মোচন’ শিরোনামে একটি ডকুমেন্টেশনও উপস্থাপন করা হয়।
ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান বৈঠকে তার গুম হওয়া এবং গোপন বন্দিশালায় বন্দি থাকার অভিযোগসংক্রান্ত অভিজ্ঞতা তুলে ধরেন।
চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী অভিযোগ করেন, তাকে সাত মাস একটি সামরিক গোয়েন্দা সংস্থার গোপন বন্দিশালায় আটকে রাখা হয়েছিল এবং সেখানে তিনি নির্যাতনের শিকার হন।
এ ছাড়া সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা তার স্বামী বিএনপি নেতা এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার প্রসঙ্গ তুলে ধরেন এবং এ ঘটনায় বিগত সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন।
বৈঠকে উপস্থিত অন্যান্য সংসদ সদস্যরাও বিগত সরকারের সময়ে রাজনৈতিক নিপীড়ন, ভয়ভীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগসংক্রান্ত বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে সংসদ সদস্য নওশাদ জমির, জহরত আদিব চৌধুরী, তাহসিনা রুশদীর, মোহাম্মদ নাজিবুর রহমান, আনিসুর রহমান, সানজিদা ইসলাম ও মাধবী মারমাসহ অন্যরা উপস্থিত ছিলেন।