নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যুতে আরোপ করা স্থগিতাদেশ পুরোপুরি প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২১ আগস্ট থেকে এ স্থগিতাদেশ আর কার্যকর নেই।
এর ফলে বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকরা প্রচলিত নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা প্রক্রিয়া এগিয়ে নিতে পারবেন।
এর আগে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে করা একটি মামলায় স্থগিতাদেশের নীতিটি বাতিল করা হয়।
‘ক্লিনিক বনাম রুবিও’ নামে পরিচিত ওই মামলায় আদালত পর্যবেক্ষণ করে যে, এ ধরনের নীতি গ্রহণের ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।
চলতি বছরের ১৪ জানুয়ারি বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করার ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। সে সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিল, এসব দেশের কিছু আবেদনকারীর সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি রয়েছে।
গত ২৮ আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, আদালতের আদেশ অনুসারে ২১ আগস্ট ২০২৬ থেকে ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যুর ওপর আরোপ করা স্থগিতাদেশ আর কার্যকর নেই।
তবে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। গ্রিনকার্ড বা অভিবাসী ভিসাধারীরা যেন সরকারি কল্যাণমূলক সুবিধার ওপর নির্ভরশীল না হন, তা নিশ্চিত করতে প্রাথমিক যাচাই ও অন্যান্য নীতিমালা পুনর্মূল্যায়নের কাজ চলছে বলেও উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ছাড়াও স্থগিতাদেশের আওতায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, ভুটান, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, কলম্বিয়া, কিউবা, মিসর, ইথিওপিয়া, ঘানা, হাইতি, ইরান, ইরাক, জর্ডান, কাজাখস্তান, কুয়েত, লেবানন, লিবিয়া, মরক্কো, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, রাশিয়া, রুয়ান্ডা, সোমালিয়া, সুদান, সিরিয়া, থাইল্যান্ড, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান ও ইয়েমেনসহ আরও কয়েকটি দেশ।
স্থগিতাদেশ কার্যকর থাকার সময়ও সংশ্লিষ্ট দেশগুলোর আবেদনকারীরা যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার জন্য আবেদন জমা দেওয়া এবং সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরও আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণের কার্যক্রম চালিয়ে যায়।
এখন আদালতের আদেশের পর স্থগিতাদেশ পুরোপুরি প্রত্যাহার হওয়ায় বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকরা প্রচলিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে তাদের অভিবাসী ভিসার আবেদন এগিয়ে নিতে পারবেন।