স্পোর্টস ডেস্ক :
বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে টপকে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে উঠেছে ইংল্যান্ড ক্রিকেট দল।
বর্তমান র্যাংকিংয়ে সমান ২৬৯ করে রেটিং আছে ইংল্যান্ড ও ভারতের। তবে ভারত ৬৪ ম্যাচ এবং ইংল্যান্ড ৪১ ম্যাচ খেলেছে। এক্ষেত্রে ভারতের আছে ১৭.২০১ পয়েন্ট এবং ইংল্যান্ডের আছে ১১.০২১ পয়েন্ট। কম ম্যাচ খেলায় শীর্ষে উঠেছে ইংলিশরা।
সদ্য ঘরের মাঠে আফগানিস্তানকে তিন ম্যাচের হোয়াইটওয়াশ করে ভারত। এদিকে, গতরাতে ঘরের মাঠে শ্রীলংকাকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে ইংল্যান্ড। লংকানদের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদেই শীর্ষে উঠেছে ইংলিশরা।
চলতি বছরের জুলাইয়ে ঘরের মাঠে ভারতকে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে হারিয়ে শীর্ষে উঠেছিল ইংল্যান্ড।
র্যাংকিংয়ের তৃতীয় থেকে সপ্তম স্থানে আছে যথাক্রমে- অস্ট্রেলিয়া (৩৮ ম্যাচে ২৬০ রেটিং), নিউজিল্যান্ড (৫০ ম্যাচে ২৪৭ রেটিং), দক্ষিণ আফ্রিকা (৫৩ ম্যাচে ২৪৩ রেটিং), পাকিস্তান (৫৭ ম্যাচে ২৪০ রেটিং) ও ওয়েস্ট ইন্ডিজ (৫৬ ম্যাচে ২৩৪ রেটিং)।
৫৩ ম্যাচ খেলে ২২৪ রেটিং নিয়ে তালিকার অষ্টম স্থানে আছে বাংলাদেশ।
নবম ও দশম স্থানে আছে শ্রীলংকা (৪৭ ম্যাচে ২২০ রেটিং) এবং আফগানিস্তান (৩৯ ম্যাচে ২২০ রেটিং)।