শনিবার (৩ অক্টোবর) দুপুরে জেলা ও উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী।
তিনি আরও জানান, এর মধ্যে গত পাঁচ মাসেই প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় কয়লা ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। একই সাথে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
মতবিনিময় সভায় বিজিবি অধিনায়ক বলেন, "সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে নেত্রকোনা ব্যাটালিয়ন আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সব ধরনের অবৈধ চলাচল রোধ, নারী ও শিশু পাচার এবং সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।"
বাংলাদেশ থেকে সার, জ্বালানি তেল, পেঁয়াজ ও রসুনসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচারের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে বিজিবি বিশেষ নজরদারি শুরু করেছে। সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করে ইতোমধ্যে বিপুল পরিমাণ রসুন আটক করা হয়েছে। তবে এই মুহূর্তে দেশ থেকে সার বা জ্বালানি তেল পাচার হচ্ছে না বলে তিনি নিশ্চিত করেন।
সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, চোরাচালান প্রতিরোধে জনসচেতনতামূলক সভা, উঠান বৈঠক ও মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় জনসাধারণকে নিরুৎসাহিত করা হচ্ছে।