যে বিষয়গুলোতে এআই ব্যবহারের সময় সতর্ক থাকা প্রয়োজন:
-
১. শরীরের রোগের লক্ষণ: মাথাব্যথা, পেটব্যথা বা ত্বকের পরিবর্তনের মতো সমস্যায় এআই সম্ভাব্য কারণের তালিকা দিতে পারলেও তা চিকিৎসকের বিকল্প নয়। এআই-এর বলা রোগের নাম দেখে নিজে নিজে ওষুধ খাওয়া বা চিকিৎসা শুরু করা অত্যন্ত বিপজ্জনক।
-
২. আইনি সমস্যা: জমিজমা, চাকরি, বিয়ে বা মামলার আইনি বিষয়ে এআই-এর উত্তর সবসময় ভরসার নাও হতে পারে। কারণ দেশভেদে আইন আলাদা হয় এবং পরিস্থিতির পরিবর্তনে আইনের প্রয়োগও বদলে যায়। বড় কোনো সিদ্ধান্তের আগে আইনজীবীর পরামর্শ নেওয়াই শ্রেয়।
-
৩. ব্যক্তিগত তথ্য: এআই-কে কখনো এনআইডি নম্বর, পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট বা ওটিপি দেওয়া উচিত নয়। সমস্যার সমাধান চাইলে ব্যক্তিগত নথি বা গোপন তথ্য বাদ দিয়ে পরিস্থিতি সাধারণভাবে লিখতে হবে।
-
৪. সম্পর্কের জটিলতা: সম্পর্ক নিয়ে এআই সুনির্দিষ্ট বা সঠিক ভবিষ্যৎ বলতে পারে না। সঙ্গীর মেসেজের উত্তর না দেওয়ার মতো বিষয়ে এআই-এর নেতিবাচক ব্যাখ্যা সত্যি ধরে নিলে সম্পর্কে নতুন জটিলতা তৈরি হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে সরাসরি কথা বলা বেশি জরুরি।
-
৫. আর্থিক বিনিয়োগ: শেয়ারবাজার বা ক্রিপ্টোকারেন্সিতে টাকা খাটানোর সিদ্ধান্তে এআই-এর ওপর চোখ বুজে ভরসা করা ঠিক নয়। কারণ আপনার আয়, সম্পদ বা ঝুঁকি নেওয়ার সামর্থ্যের পুরো ছবি এআই-এর কাছে থাকে না। তাই প্রয়োজনে আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
এআই যেভাবে ব্যবহার করবেন:
এআইকে চূড়ান্ত সিদ্ধান্তদাতা না বানিয়ে সহকারী হিসেবে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। কোনো তথ্য বুঝতে, প্রশ্ন তৈরি করতে বা কঠিন বিষয় সহজ ভাষায় জানতে এটি দারুণ কার্যকর। কিন্তু স্বাস্থ্য, আইন, নিরাপত্তা, সম্পর্ক ও টাকার মতো সংবেদনশীল বিষয়ে উত্তর যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সহজ কথা হলো, নিজের বিবেচনাবোধ বন্ধ না রেখে এআই-এর সহায়তা নেওয়া উচিত।