সারাদেশ

টেকনাফে ১৭ কোটি ৭০ লাখ টাকার ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

টেকনাফে ১৭ কোটি ৭০ লাখ টাকার ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

 

রোববার (৪ অক্টোবর) রাত থেকে সোমবার (৫ অক্টোবর) ভোরের মধ্যে টেকনাফের জালিয়াপাড়া ও বাহারছড়া এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। সোমবার বিকেলে এসআরবি ১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

নাফ নদী সীমান্ত এলাকায় প্রথম অভিযান

সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর এস এম মারুফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া ৪ নম্বর স্লুইসগেটসংলগ্ন নাফ নদীর সীমান্ত এলাকায় অভিযান চালায় এসআরবি ও বিজিবি। সেখান থেকে ১১ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ ইদ্রিস নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।

মেরিন ড্রাইভে দ্বিতীয় অভিযান

অন্যদিকে, কক্সবাজার মেরিন ড্রাইভের বাহারছড়া কচ্ছপিয়া ঘাট এলাকায় এসআরবির পৃথক অভিযানে আরও ছয় কোটি টাকা মূল্যের দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় রিয়াজ ও আতাউর রহমান নামে দুই মাদক কারবারিকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

গত এক মাসের সাফল্য

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত এক মাসে বিশেষ অভিযানে প্রায় ১৪ লাখ পিস ইয়াবা, ৩ কেজি ক্রিস্টাল আইস, ৩০ কেজি গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল, ৩টি অস্ত্র ও ৩৪২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় মোট ১৫৮ জন আসামিকে আটক এবং ৪৬ জন অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।