সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন—এমনটা কেউ বিশ্বাস করবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, হাজারো ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কালীবাড়ী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ অন্যায় করেছে এবং গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব কারণে দলটির বাংলাদেশে ফিরে রাজনীতি করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, ৫ আগস্ট সাধারণ জনগণ আওয়ামী লীগকে বিদায় জানিয়েছে। সেই দলকে বাংলাদেশের মানুষ আর কখনো স্বাগত জানাবে না।
‘আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নেই’
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের নাম থাকলেও বাংলাদেশে দলটির রাজনীতি নেই।
তিনি আরও বলেন, সরকার স্পষ্ট জানিয়েছে, গণহত্যার বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই। তাঁর মতে, কোনো দল দলীয় সিদ্ধান্তে গণহত্যা চালালে সেই দলের ব্যানারে আবার কার্যক্রম পরিচালনা করা গ্রহণযোগ্য হতে পারে না।
সরকারের দায়িত্ব গণহত্যার বিচার করা
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, গণঅভ্যুত্থানের পর নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সরকার দায়িত্ব পেয়েছে। এ সরকারের দায়িত্ব গণহত্যার বিচার নিশ্চিত করা, আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া নয়।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, ইসরাইল হোসেন জীবনসহ স্থানীয় বিএনপির অন্যান্য নেতাকর্মী।




