বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তরে অংশ নেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সংরক্ষিত নারী আসনের সদস্য নুরুন্নিসা সিদ্দিকার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
এমপি নুরুন্নিসা সিদ্দিকা গ্যাসের দাম বারবার বৃদ্ধি এবং গ্যাস না পেয়েও বিল পরিশোধের অভিযোগ তুললে জ্বালানিমন্ত্রী জানান, বর্তমান যুদ্ধাবস্থায় চড়া দামে গ্যাস কিনতে হলেও গৃহস্থালী সরবরাহ এবং বিদ্যুৎকেন্দ্র সচল রাখতে সরকার গ্যাসের দাম বাড়ায়নি। বরং আন্তর্জাতিক বাজারের সঙ্গে তেল-গ্যাসের দামের সামঞ্জস্য রক্ষা করতে গিয়েও সরকার গত আট মাসে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে।
এলপিজির মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করেন যে, এলপিজি সরকার আমদানি করে না; এটি বেসরকারি খাতের মাধ্যমেই আমদানিকৃত ও নির্ধারিত হয়, যেখানে সরকারের সরাসরি কোনো নিয়ন্ত্রণ বা ভূমিকা নেই। তবে চলতি বছরের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত ৯ মাসের ব্যবধানে ১২ কেজি এলপিজির সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে বেড়ে ২ হাজার ৬০ টাকায় (বৃদ্ধি ৭১৯ টাকা বা প্রায় ৫৪ শতাংশ) দাঁড়ানোয় রান্নার জ্বালানি ব্যবহারকারীদের খরচ বহুলাংশে বেড়ে গেছে।
এছাড়া জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দেশীয় গ্যাস ও খনিজ সম্পদ অনুসন্ধান এবং উত্তোলন বাড়ানোর বহুমুখী উদ্যোগ নিয়েছে বলে জানান মন্ত্রী। এর অংশ হিসেবে 'বাংলাদেশ অফশোর মডেল পিএসসি-২০২৬' প্রণয়ন করা হয়েছে এবং ২৬টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক বিডিং রাউন্ড আহ্বান করা হয়েছে, যার দরপত্র জমা দেওয়ার শেষ সময় ২০২৭ সালের ৩১ মার্চ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি গৃহস্থালীর বিকল্প জ্বালানি হিসেবে বায়োগ্যাস উৎপাদন ও এর ব্যবহার বাড়াতে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও তিনি সংসদকে অবহিত করেন।




