সারাদেশ

টানা বর্ষণে বিপর্যস্ত বান্দরবান, সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

টানা বর্ষণে বিপর্যস্ত বান্দরবান, সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

টানা বর্ষণে বিপর্যস্ত বান্দরবান, সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

 অনলাইন ডেস্ক:

টানা তিন দিনের ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে পার্বত্য জেলা বান্দরবান। পাহাড়ধসের আশঙ্কায় জেলার বিভিন্ন উপজেলার হাজারো মানুষ চরম ঝুঁকিতে রয়েছেন। ভারী বৃষ্টিতে মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় লামা ও আলীকদমের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 

আলীকদম-লামা সড়কের একাধিক স্থান পানির নিচে তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসে সড়ক যোগাযোগ ব্যাহত এবং অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে।

অন্যদিকে, সাঙ্গু নদীর পানি ও স্রোত বৃদ্ধি পাওয়ায় থানচির তিন্দু, রেমাক্রী ও নাফাখুম পর্যটন এলাকায় শতাধিক পর্যটক আটকা পড়েছেন। পর্যটক ও জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামী ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ ও দুর্গম এলাকায় ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসন জানায়, পাহাড়ধসসহ সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হচ্ছে।

এদিকে জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ। 

প্রশাসন বলছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।