সারাদেশ

সাতক্ষীরায় এক সপ্তাহের মাদকবিরোধী বিশেষ অভিযান

সাতক্ষীরায় এক সপ্তাহের মাদকবিরোধী বিশেষ অভিযান

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় মাদক, চোরাচালান, সীমান্ত অপরাধ, অনলাইন জুয়া এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এক সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়।

সোমবার দুপুরে জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও মাদক পাচার, চোরাচালান, সীমান্তে অবৈধ ঘাট ও ঘাট মালিকদের তথ্য, ট্রাফিক ব্যবস্থাপনা, খুন-হত্যা, থানায় হয়রানি, মব সন্ত্রাস, অনলাইন জুয়া এবং বিগত সরকারের সময়ের বিভিন্ন হয়রানিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার। এ সময়ে পুলিশ দৃশ্যমান থাকবে এবং মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে।

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, মাদকের বিষয়ে পুলিশের অবস্থান হবে ‘জিরো টলারেন্স’। কোনো পুলিশ সদস্য মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যারা মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদেরও আইনের আওতায় আনা হবে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশ আরও সক্রিয় ভূমিকা পালন করবে। আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত বিভিন্ন অনলাইন পেজের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় সাতক্ষীরায় এক সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পুলিশ কর্মকর্তারা।

মতবিনিময় সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক আব্দুল বারী, যুগ্ম সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, অর্থ সম্পাদক মুহা. জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান উজ্জ্বলসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।