সারাদেশ

হবিগঞ্জে যেতে পথে একাধিকবার বাধা, সড়কে বসে এনসিপি নেতারা

হবিগঞ্জে যেতে পথে একাধিকবার বাধা, সড়কে বসে এনসিপি নেতারা

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ


এনসিপির নেতাদের ওপর হামলার ঘটনার পর দলটির ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে বুধবার (২৯ জুলাই) হবিগঞ্জে যাওয়ার পথে একাধিকবার পুলিশের বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পথে শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় পুলিশ তাদের গাড়িবহর থামিয়ে দেয়। প্রায় আধাঘণ্টা অপেক্ষার পর বিকেল ৫টা ৫ মিনিটের দিকে তারা আবার যাত্রা শুরু করলেও কিছু দূর এগোতেই পুনরায় বাধার মুখে পড়েন।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে এনসিপি প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করে। সেজন্য দলটির কেন্দ্রীয় নেতাদের হবিগঞ্জের উদ্দেশে যাত্রা। তবে বিএনপিও একই সময়ে কর্মসূচি দেওয়ায় হবিগঞ্জ শহরে উত্তেজনা সৃষ্টি হয়। তাতে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
দফায় দফায় বাধার মুখে পড়ে একপর্যায়ে এনসিপির নেতাকর্মীরা সড়কে বসে প্রতিবাদ জানান। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।