বরগুনা প্রতিনিধি:
বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা, স্বর্ণালংকার ও চোরাই মালামালসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে বরগুনা থানা পুলিশ। এ সময় অভিযানের বিষয়টি টের পেয়ে আরও দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন বরগুনা জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা।
পুলিশ সুপার জানান, বুধবার (২৯ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর উপজেলার ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের আদাবাড়িয়া এলাকার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালায় বরগুনা সদর থানার একটি চৌকস দল। এ সময় মোছা. খাদিজা (৪০) ও মোছা. মরিয়ম (৩৫) নামে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আরও দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানকালে ঘটনাস্থল থেকে নগদ ৯ লাখ ৩০ হাজার টাকা, বিভিন্ন ধরনের মোট ৬ ভরি ১১ আনা ৫ রতি স্বর্ণালংকার এবং ৭০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১১ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
জব্দ করা মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধার তালিকাভুক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় বরগুনা সদর থানায় দণ্ডবিধির ৩৭৯, ৪১৩ ও ৪১৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, থানার রেকর্ডপত্র ও সিডিএমএস (CDMS) পর্যালোচনায় ঘটনায় জড়িত বলে উল্লেখ করা পলাতক আসামি ইব্রাহিমের বিরুদ্ধে এর আগে ঢাকার মিরপুর মডেল থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় চুরি, মাদক ও প্রতারণাসহ একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা আরও জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চুরি, ডাকাতিসহ অন্যান্য অপরাধ দমনে বরগুনা জেলা পুলিশের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানা অথবা জেলা পুলিশকে জানিয়ে সহযোগিতা করার জন্য তিনি সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।