সারাদেশ

দুর্গাপুরে ৭৪০ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ২

দুর্গাপুরে ৭৪০ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ২

দুর্গাপুর প্রতিনিধি

নেত্রকোণার দুর্গাপুর পৌর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে দুর্গাপুর থানা পুলিশ। এ ঘটনায় মাদক কারবারে জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে দুর্গাপুর পৌরশহরের বাগিচাপাড়া এলাকার মিরাজ আলী আকন্দের ছেলে জলিল আকন্দের বাড়িতে অভিযান চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ সময় জলিল আকন্দের স্ত্রী নাজমুন নাহার খানম ওরফে তামান্না এবং তাঁর বাবা শফিকুল ইসলামকে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জলিল আকন্দ আত্মগোপন করেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, চৌকস পুলিশের নিজস্ব গোয়েন্দা সূত্রে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে দুর্গাপুরে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের মাদক উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করবে। আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, এ ধরনের অভিযানে কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।