মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মাওয়া চৌরাস্তা থেকে পুরান ঘাট পর্যন্ত সড়ক সংস্কারের বিষয়ে আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা মাওয়া চৌরাস্তা থেকে পুরান ঘাট পর্যন্ত সড়কটি সংস্কার এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ্দৌলা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হুমায়ুন রাজিব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কনক সারোয়ার, পদ্মা সেতু (উত্তর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন, শিমুলিয়া বন্দর কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ খান, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক অবাক এবং লৌহজং পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শবনম ফোয়ারা খান।
এ ছাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. কামরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. উজ্জ্বল মুন্সি, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. জুয়েল, উপজেলা মহিলা বিএনপির নেত্রী রোকেয়া বেগম, নৌ পুলিশের কর্মকর্তা, ফায়ার সার্ভিস কর্মকর্তা আতিকুর রহমান, ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা, কোস্ট গার্ডের কর্মকর্তা, গ্রাম আদালত লৌহজংয়ের সমন্বয়কারী শিলা আক্তার, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ইভা পারভীন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আঙ্গুরা বেগম, আনসারের কর্মকর্তা, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, বিক্রমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. তরিকুল ইসলাম, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের লিমন, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মো. শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া এবং সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলুসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ ছাড়া লৌহজং উপজেলার প্রতিটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা এবং উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু বলেন, গোয়ালীমান্দ্রা এলাকার মাদক সমস্যা এমন আকার ধারণ করেছে যে, শুধু প্রশাসনের একার পক্ষে তা নির্মূল করা কঠিন। এ সমস্যা সমাধানে রাজনৈতিক ব্যক্তিবর্গের সহযোগিতা এবং এলাকাবাসীর সচেতনতামূলক অংশগ্রহণ প্রয়োজন।
তিনি আরও বলেন, তাঁর কাছে এমন তথ্য এসেছে যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে ড্রোনের মাধ্যমে মাদক বহন করা হচ্ছে। তবে এ ধরনের অপচেষ্টা যতই করা হোক, মাদক ব্যবসা নির্মূলে সংশ্লিষ্টদের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।