তারাকান্দা প্রতিনিধি
ময়মনসিংহের তারাকান্দায় পাচারের সময় একটি পিকআপভর্তি বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ করেছে পুলিশ। এ সময় পিকআপের চালককে গ্রেফতার করা হলেও তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তি পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে ময়মনসিংহ–নেত্রকোনা মহাসড়কের তারাকান্দা উপজেলার মোজাহারদী এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে তারাকান্দা থানা পুলিশ। এ সময় একটি বুলেরো পিকআপে তল্লাশি চালিয়ে ১৯৫ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়। একই সঙ্গে পিকআপের চালক সুজন মিয়া (২৬)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সুজন মিয়া উপজেলার শিমুলিয়া গ্রামের মো. ইয়াজ আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি জব্দ করা বুলেরো পিকআপটির চালক।
মামলার তদন্ত কর্মকর্তা তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. আলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় সন্দেহভাজন পিকআপটি থামিয়ে তল্লাশি করলে ১৯৫ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। জব্দ করা কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।
তিনি আরও জানান, অভিযানের সময় চালকের সঙ্গে থাকা অপর এক ব্যক্তি পালিয়ে যান। তাকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ বলেন, জব্দ করা কম্বল ও পিকআপটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার চালক জানিয়েছেন, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে কম্বলগুলো নিয়ে তিনি ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত জব্দ করা পিকআপ ও ভারতীয় কম্বল থানা হেফাজতেই ছিল।