সারাদেশ

বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়: বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের বই-খাতা

বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়:  বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের বই-খাতা

মধুখালী প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালী উপজেলার বামুন্দি বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ পরিবেশে পাঠদান কার্যক্রম চলছে। শ্রেণিকক্ষের দরজা-জানালা ও টিনশেডের বেহাল অবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই কক্ষের ভেতরে পানি পড়ে। এতে শিক্ষার্থীদের বই-খাতা ভিজে নষ্ট হওয়ার পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্বেগের মধ্যে ক্লাস করতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়টির কয়েকটি শ্রেণিকক্ষের অবকাঠামো অত্যন্ত নাজুক। জানালার কাঠ ভেঙে পড়ে আছে এবং দরজাগুলো প্রায় অস্তিত্বহীন। এ ছাড়া শ্রেণিকক্ষগুলোর চালের টিনও জরাজীর্ণ হয়ে পড়েছে। আকাশে মেঘ জমলেই শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। সামান্য বৃষ্টিতেই শ্রেণিকক্ষের ভেতরে পানি ঢুকে পড়ে। এ সময় শিক্ষার্থীরা পাঠদানে মনোযোগ দেওয়ার পরিবর্তে নিজেদের বই-খাতা রক্ষায় ব্যস্ত হয়ে পড়ে।

বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, বৃষ্টি হলে তারা ঠিকমতো ক্লাস করতে পারে না। শ্রেণিকক্ষের বেঞ্চ ও বই-খাতা ভিজে নষ্ট হয়ে যায়। দ্রুত জরাজীর্ণ শ্রেণিকক্ষগুলো মেরামতের দাবি জানায় সে।

একই ধরনের সমস্যার কথা জানিয়ে বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী গুলশান আরা বলে, ভাঙা টিনের চাল দিয়ে বৃষ্টির পানি পড়ে বই-খাতা ভিজে যায়। বর্ষার দিনে শ্রেণিকক্ষে বসে পাঠ গ্রহণের মতো পরিবেশ থাকে না। এ ছাড়া বিদ্যালয়ের একমাত্র টয়লেটটিও ব্যবহার অনুপযোগী। বিদ্যালয়টি দ্রুত সংস্কারের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানায় সে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিশ্বজিৎ কুমার বিশ্বাস জানান, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বিদ্যালয়ের অবকাঠামো সম্পূর্ণভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। শিক্ষার্থীদের নিয়ে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। নানাবিধ সমস্যার কারণে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলো দ্রুত পাঠদানের উপযোগী করে মেরামত ও সংস্কারের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তিনি।

স্থানীয় অভিভাবকরাও সন্তানদের বিদ্যালয়ে পাঠানো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে জরাজীর্ণ ভবন দ্রুত সংস্কারে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।