খাগড়াছড়ি প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় খাগড়াছড়িতে ‘করলিয়া’ প্রকল্পের আওতায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট) মাটিরাঙ্গা-রামগড় সীমান্ত সড়কের বিভিন্ন স্থানে এক হাজারেরও বেশি বৃক্ষের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এবং ইউএনডিপি-ইআরআরডি-সিএইচটি প্রকল্পের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, “শুধু গাছ লাগালেই হবে না, গাছের সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে। যেখানে গাছ রোপণ করা হয়েছে, সেখানে সংশ্লিষ্ট উপকারভোগী কমিটিকে নিয়মিত পরিচর্যা ও তদারকির দায়িত্ব পালন করতে হবে।”
তিনি আরও বলেন, যে কমিটি রোপণ করা গাছের সর্বোচ্চ পরিচর্যা করে সফলভাবে বড় করে তুলতে পারবে, তাদের পুরস্কৃত করা হবে।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় ‘করলিয়া’ প্রকল্পের জেলা কর্মকর্তা নবলেশ্বর দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা, গুইমারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হরিপদ ত্রিপুরা, মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং মাটিরাঙ্গার ধনিরাম পাড়ার কার্বারী ধরনী ত্রিপুরা।
অনুষ্ঠানে প্রকল্পের টেকনিক্যাল অফিসার, মনিটরিং অফিসার, উপজেলা ক্লাইমেট ফ্যাসিলিটেটর, নারী জলবায়ু সহনশীল কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ‘করলিয়া’ প্রকল্পের আওতায় চলতি বছরে খাগড়াছড়ি জেলায় ২১ হাজারের বেশি বৃক্ষের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে রোববার মাটিরাঙ্গা-রামগড় সীমান্ত সড়কের বিভিন্ন স্থানে সহস্রাধিক চারা রোপণ করা হয়েছে।