ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে প্রবল বৃষ্টির মধ্যে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী দুই বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ও ফরিদপুর সদর উপজেলার পিয়ারপুর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে প্রবল বৃষ্টির মধ্যে ঢাকা থেকে বরিশালগামী দশমিনা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পানিভর্তি খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা অন্তত ১২ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতর থেকে আহত যাত্রীদের উদ্ধার করেন। তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে, একই সময়ের দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের সদর উপজেলার পিয়ারপুর এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত আটজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, পৃথক দুটি দুর্ঘটনায় কেউ নিহত হননি। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।