রোববার (১৫ নভেম্বর) প্রকাশিত সংবাদ প্রতিবেদনের তথ্যমতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে একই পদে ফেনীতে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বদলির এই আদেশ জারির দিন রোববার গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিল এবং বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে আতঙ্কে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়।
তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শহরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল এবং তাদের তৎপরতার কারণে জানমালের কোনো ক্ষতি হয়নি। এর আগে শনিবার রাতে টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।




