রোববার ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় পৌঁছান চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা হাসান মিয়া। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের গোপন সংবাদের ভিত্তিতে তাঁর ওপর বিশেষ নজরদারি চালানো হয়। বিমানবন্দরে এক্স-রে পরীক্ষার মাধ্যমে তাঁর পায়ুপথে স্বর্ণসদৃশ বস্তু থাকার বিষয়টি নিশ্চিত হন কর্মকর্তারা।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাঁর পায়ুপথ থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ‘সোনার ডিম’ এবং পরিহিত অন্তর্বাসের কাপড়ে মাখানো প্রায় ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দকৃত বস্তুগুলোর মোট ওজন প্রায় এক কেজি। তবে উদ্ধারকৃত বস্তুগুলোর প্রকৃত বিশুদ্ধতা ও স্বর্ণের পরিমাণ ল্যাবরেটরি পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে। কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের ধারণা, এই চোরাচালানের পেছনে কোনো সংঘবদ্ধ আন্তর্জাতিক চক্র সক্রিয় রয়েছে এবং তাদের ধরতে অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে।




