নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণার পূর্বধলায় অটোরিকশার ধাক্কায় মারিয়া আক্তার প্রীতি (৬) নামে এক মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের নয়াপাড়া থানা রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারিয়া আক্তার প্রীতি পূর্বধলা উপজেলার পুকুরিয়াকান্দা গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে। সে স্থানীয় দারুল উলুম নয়াপাড়া মহিলা মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে মারিয়া আক্তার প্রীতি মাদ্রাসায় যায়। মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে নয়াপাড়া থানা রোড এলাকায় বাবুল মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার পাশে সে তার বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে। এ সময় রাস্তার বিপরীত পাশ থেকে দৌড়ে বাবার কাছে যাওয়ার সময় চলাচলরত একটি অজ্ঞাতনামা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার ধাক্কা লাগে।
ধাক্কার পর সে পাকা সড়কে পড়ে যায়। এ সময় অটোরিকশার একটি চাকা তার শরীরের ওপর দিয়ে চলে গেলে সে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে। পরে তার বাবা ও উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়টি থানায় অবহিত করলে পূর্বধলা থানা-পুলিশ হাসপাতালের জরুরি বিভাগে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
শনিবার বিকেল আনুমানিক পৌনে ৪টার দিকে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নিহত শিশুটির বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি অটোরিকশাচালককে শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।