সারাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীনদের বরণ ও ওরিয়েন্টেশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীনদের বরণ ও ওরিয়েন্টেশন

কুষ্টিয়া :প্রতিনিধি:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল ১০টা থেকে দুই পর্বে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রতিমন্ত্রী পদমর্যাদার ড. মাহ্‌দী আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক ও ওরিয়েন্টেশন বক্তা অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ্।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং দুই সহস্রাধিক নবীন শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রথম পর্বে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ, কলা, সামাজিক বিজ্ঞান, আইন এবং ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের নবীন শিক্ষার্থীরা অংশ নেন। দ্বিতীয় পর্বে ব্যবসায় প্রশাসন, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি এবং জীববিজ্ঞান অনুষদের নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সম্মাননা স্মারক দিয়ে অতিথিদের বরণ, শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান ও প্রভাষক রুকাইয়া আখতার এবং বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনজুর রহমান ও টিএসসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রথম পর্বের আহ্বায়ক অধ্যাপক ড. আলীনূর রহমান এবং দ্বিতীয় পর্বের আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান শুভেচ্ছা বক্তব্য দেন। এ সময় অতিথিরা নবীন শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন ও সফলতার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

স্বাগত ও সমাপনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “আজ তোমরা ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য হয়েছ। তোমরা তোমাদের মেধা, একাগ্রতা, আন্তরিকতা ও অধ্যবসায়ের মাধ্যমে এবং বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ, যোগ্য ও কার্যকর নাগরিক হিসেবে গড়ে তুলবে।”

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, “লেখাপড়ার কোনো বিকল্প নেই। লেখাপড়া করতেই হবে এবং সময়কে কাজে লাগাতে হবে। দেশ গড়তে হবে, দেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। আমরা চাই, তোমরা আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে—যা চেয়েছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান।”

তিনি আরও বলেন, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় একটি ‘সেন্টার অব এক্সিলেন্স’ হবে এবং বিশ্ববিদ্যালয়টিকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, প্রত্যেক শিক্ষার্থীর জন্য সফট স্কিল নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার ব্যবস্থা করতে চান তারা। এর মধ্যে ডিজিটাল লিটারেসি, কমিউনিকেশন স্কিল ও ক্রিটিক্যাল থিংকিং অন্তর্ভুক্ত থাকবে। এ লক্ষ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হবে।

তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে এবং এ জন্য শিক্ষার্থীরা আর্থিক সুবিধা পাবেন। সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ডিজিটাল রূপান্তরের আওতায় আনা হবে। পুরো ক্যাম্পাস ওয়াই-ফাই ও উচ্চগতির ইন্টারনেট সংযোগের আওতায় থাকবে। ডিজিটাল শ্রেণিকক্ষ ও ডিজিটাল ক্যাম্পাস গড়ে তোলার পাশাপাশি কোনো বিশ্ববিদ্যালয়কে প্রান্তিক হিসেবে রাখা হবে না।