সারাদেশ

বাঞ্ছারামপুরে অপহরণ-হত্যাচেষ্টার অভিযোগে বিচার দাবি

বাঞ্ছারামপুরে অপহরণ-হত্যাচেষ্টার অভিযোগে বিচার দাবি

ঞ্ছারামপুর প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের মরিচাকান্দি গ্রামের বাসিন্দা ও দরিয়াদৌলত ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মো. আনিছুর রহমান নিজের ওপর পূর্বপরিকল্পিত অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে আনিছুর রহমান বলেন, গত ২৯ জুলাই তিনি পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকির সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকায় যান। মরিচাকান্দি প্রভাতী অ্যান্ড হাইস্কুলের পঞ্চম শ্রেণির সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানানোই ছিল তাঁর উদ্দেশ্য।

তিনি অভিযোগ করেন, প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় থেকেই একই গ্রামের দেলোয়ার, ভূট্রোসহ কয়েকজন অপরিচিত ব্যক্তি তাঁকে অনুসরণ করছিলেন। পরে হাতিরপুল এলাকায় বাড়ি ফেরার পথে তিনি চিৎকার শুনে দেখতে পান, তাঁর সঙ্গে থাকা শহিদ ও কাইয়ুমকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হচ্ছে।

আনিছুর রহমানের দাবি, শহিদ ও কাইয়ুমকে নিয়ে যাওয়ার পর শফিক ও হাসানের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন ব্যক্তি তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁকে হত্যার হুমকি দিয়ে অপহরণের চেষ্টা করা হয়। তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।

পরে তিনি দেখতে পান, শহিদ ও কাইয়ুমকে মারধরের পর একটি নির্জন স্থানে ফেলে রাখা হয়েছে। আহত তিনজন পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন।

তিনি আরও অভিযোগ করেন, পুরো ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত। বর্তমানে তিনি বিভিন্ন ধরনের হুমকির মুখে রয়েছেন। আইনগত ব্যবস্থা নিলে পুনরায় হামলার আশঙ্কায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।

আনিছুর রহমান রাষ্ট্র ও সরকারের কাছে অভিযোগের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাঁর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ সময় দরিয়াদৌলত ইউনিয়ন যুবদলের সভাপতি ও আনিছুর রহমানের ভাই হানিফ মেম্বার অভিযোগ করেন, অপহরণ ও হত্যাচেষ্টার ঘটনার সময় মরিচাকান্দি গ্রামের এতু মেম্বারের ছেলে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, হাসেম মিয়ার ছেলে জজ মিয়া, কাসেম মিয়ার ছেলে রহমান এবং রেজন বেপারীর ছেলে আনু মিয়ার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন ব্যক্তি তাঁদের বাড়ির সামনে অবস্থান নিয়ে মহড়া দেন।

অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।