মুকসুদপুর প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে প্রথম সারির গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে ‘মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটি’ নামে একটি সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনটির নিবন্ধন নম্বর ৯৭৩/২। সংগঠনটির স্লোগান ‘কলমে সত্য, কর্মে মানবতা’।
সংগঠনের দায়িত্বশীলরা জানান, শুধু সংবাদ পরিবেশন নয়; সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরা, জনমত গঠন, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটির প্রধান উদ্দেশ্য।
নেতৃবৃন্দ জানান, সংগঠনটি নিয়মিত সামাজিক সচেতনতা সৃষ্টি, মানবিক সহায়তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও রক্তদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে।
পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার ও মর্যাদা রক্ষা এবং নতুন প্রজন্মের মধ্যে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে সংগঠনটি।
সংগঠনের নেতৃবৃন্দের মতে, সত্যের শক্তি সমাজকে বদলে দিতে পারে এবং মানবিক সেবা মানুষের জীবনে আশার আলো জ্বালাতে পারে। ‘কলমে সত্য, কর্মে মানবতা’ স্লোগানকে ধারণ করে সাংবাদিকতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।