দুর্গাপুর প্রতিনিধি:
নেত্রকোণার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ৬৩ বোতল নিষিদ্ধ ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে দুর্গাপুর থানা-পুলিশ।
রোববার (২ আগস্ট) সকালে উপজেলার ঝানজাইল বাজার এলাকার মা মনি বাস কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করেন দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আলম। তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালায়। এ সময় তাঁদের হেফাজত থেকে ৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, কলমাকান্দা উপজেলার বাসিন্দা মাসুম মিয়া (২১) এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা মাহমুদুল হাসান (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও বিক্রি রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় মদের চালান উদ্ধার এবং দুজনকে আটক করা হয়।
উদ্ধার করা মদ জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এসআই ফিরোজ আলম জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং মাদক নিয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। এ কাজে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।