সারাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে আলোচনা সভা

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে আলোচনা সভা

মুকসুদপুর প্রতিনিধি:

‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির।

উপজেলা মেডিকেল অফিসার ডা. দীপ সাহার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু শরীফ এবং আবাসিক উপজেলা মেডিকেল অফিসার ডা. ভীষ্মদেব মণ্ডল। এ ছাড়া উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন মাতৃদুগ্ধের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, একটি শিশু জন্ম নেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে দুধ না পেলে বা দুধ না খেলে ভয়ের কিছু নেই। নবজাতক ও মায়েদের জন্য বুকের দুধের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি এ বিষয়ে গণসচেতনতা বাড়াতে হবে।

তিনি বলেন, শিশুর জন্মের পর প্রথম এক ঘণ্টার মধ্যেই মায়ের দুধ খাওয়ানো হলে শিশুর মৃত্যুঝুঁকি ৩১ শতাংশ কমে যায়। আর ছয় মাস পর্যন্ত শুধু মায়ের দুধ, এমনকি এক ফোঁটা পানিও না খাওয়ানো হলে শিশুমৃত্যুর হার আরও ১৩ শতাংশ হ্রাস পায়।

ডা. রায়হান ইসলাম শোভন আরও বলেন, শিশুর প্রথম খাবার হিসেবে শালদুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু পুষ্টিকরই নয়, শিশুর রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় এবং প্রথম টিকার মতো কাজ করে। এ সময় শিশুর শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশে মায়ের দুধ অপরিহার্য।